ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে আসছে নীতিমালা

ওভার দ্য টপ (ওটিটি) অনলাইন প্ল্যাটফর্মে অনেক অশ্লীল কনটেন্ট নির্মাণের অভিযোগ রয়েছে। এসব কনটেন্ট সমাজে নানা অস্থিরতা ও বিশৃঙ্খলতা সৃষ্টি করছে বলে সমালোচনা রয়েছে। ওটিটি প্ল্যাটফর্মের নির্মাণে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন মহল থেকে নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় হইচই, নেটফ্লিক্স, অ্যামাজন, বঙ্গবিডিসহ বিভিন্ন ওটিটি কনটেন্ট নির্মাণনির্ভর প্রতিষ্ঠান থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায়ের পাশাপাশি এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নীতিমালা করতে একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নীতিমালার বাস্তবায়ন করতে পারলে নতুন এ প্ল্যাটফর্ম ব্যবহার করে শিল্প মানসম্পন্ন নাটক, চলচ্চিত্র, গান ইত্যাদি তৈরি হবে। যা সমাজকে সুগঠিত করবে।

 

গতকাল মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে কমিটি গঠন সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা-ই রাকিব।


জানা গেছে, ৮ সদস্যের কমিটিতে বিটিআরসির কমিশনার (লিগ্যাল) আবু সৈয়দ দিলজার হোসেনকে আহ্বায়ক এবং উপ-পরিচালক (আইন) পদবির একজনকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়াও সদস্য করা হয়েছে ৬ জনকে।


তারা হলেন- বিটিআরসির মহাপরিচালক (এসএস), পরিচালক (আইন), পরিচালক (এসএস), তথ্য মন্ত্রণালয়ের একজন উপযুক্ত প্রতিনিধি (উপ-সচিবের নিচে নয়), অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের একজন প্রতিনিধি (উপ-পরিচালকের নিচে নয়) এবং বিটিআরসির একজন আইন পরামর্শক।


এর আগে গত ১৮ জানুয়ারি অনলাইন প্ল্যাটফর্ম ওটিটি থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন হাইকোর্ট।


বিটিআরসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্ল্যাটফর্ম থেকে তাদের কোনো রাজস্ব আদায় হয় না। কোনো ধরনের রেগুলেশন না থাকায় সেটি আদায় হচ্ছে না। একইভাবে সাইবার পুলিশ সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ডিজিটাল নিরাপত্তা আইন এবং পর্নোগ্রাফি আইন থাকলেও প্ল্যাটফর্ম থেকে অশ্লীলতারোধে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। যার ফলে সবসময় সব ধরনের ব্যবস্থা নিতে পারেন না। এ কারণে যদি এই ধরনের একটা নীতিমালা হয় তাহলে এটা নিয়ন্ত্রণ করা সুবিধা হবে। এসব বিষয়ে বিবেচনায় নিয়ে আদালত একটি খসড়া নীতিমালা করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।


গত বছরের ৮ সেপ্টেম্বর কিছু ওয়েব সিরিজের অনৈতিক ও আইন-বহির্ভূত কনটেন্ট সরাতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এ ছাড়াও নেটফ্লিক্সের মতো অন্যান্য ওটিটি প্লাটফর্মগুলো থেকে কীভাবে রাজস্ব সংগ্রহ হয় তা এক মাসের মধ্যে বিটিআরসিকে জানাতে নির্দেশ দেন আদালত। এরই ধারাবাহিকতায় দুটি প্রতিবেদন দাখিল করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑